
কুমিল্লার দাউদকান্দিতে অস্ত্র ঠেকিয়ে এক ব্যবসায়ীর পৌনে দুই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে দাউদকাউন্দি পৌরসভার মোহন পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার পর সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ১ কোটি ৮ লাখ উদ্ধার করেছে। দাউদকান্দি বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের কদমতলী এলাকার বাড়ি থেকে এই টাকা উদ্ধার করা হয়। অভিযুক্ত সোহেল রানা প্রজন্ম লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
জানা যায়, রবিবার রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকার সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ী টাকাগুলি নিয়ে কুমিল্লায় ফিরছিলেন। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির পৌরসভার বিশ্বরোড এলাকার মোহন পেট্রোল পাম্পের সামনে তাকে অস্ত্র ঠেঁকিয়ে দুর্বৃত্তরা সঙ্গে থাকা এক কোটি ৭৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার পর ছিনতাইকারীদের আটক ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযানে নামে পুলিশ। পরে সোমবার বিকেলে সন্দেহভাজন সোহেল রানার বাড়িতে অভিযান চালিয়ে এক কোটি ৮ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।