
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে রাস্তা পারাপারের সময় মায়ের সামনেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মিনহা আক্তার নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছোট শালঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মিনহা আক্তার (৮) ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী এলাকার মনির হোসেনের মেয়ে। সে মা ও বোনের সঙ্গে দেবিদ্বারের ছোট শালঘর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত মিনহার মা জুলেখা আক্তার দেবিদ্বারের ছোট শালঘর গ্রামের আফতাব উদ্দিন সরকার বাড়ির মো. শাহ আলমের মেয়ে। রোববার দুই মেয়েকে নিয়ে সে বাবার বাড়ি বেড়াতে আসেন। সেখান থেকে সোমবার সকালে জুলেখা আক্তার চিকিৎসা নিতে দেবিদ্বার উপজেলা সদর হাসপাতালে আসেন। এ সময় সঙ্গে মিনহা, তার বোন ও নানিও ছিলেন।
চিকিৎসা শেষে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে নানার বাড়ি ছোট শালঘর ফিরেন। ছোট শালঘর বাস স্টান্ডে সিএনজি থেকে নেমে স্বজনরা যখন ভাড়া পরিশোধ করছিলেন, তখন শিশু মিনহা তাদের আগে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ মো. আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং নিহত শিশুর লাশ দেবিদ্বার থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।