
জেলা প্রতিনিধি,কুমিল্লা
কুমিল্লা নগরীতে সড়কে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের পর অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) মধ্যরাতে নগরীর টমছম ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি জব্দ করা হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লার ৭ নম্বর ওয়ার্ডের মাঝিগাছা (ফারুকী হাউজ) এলাকার শাহজালালের ছেলে জাহিদ হাসান (১৯), ৮ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজার (গম বাগিচা) এলাকার সোহাগ মিয়ার ছেলে মাসুম বিল্লাল (২১), কুমিল্লা আদর্শ সদর উপজেলার নন্দীর বাজার এলাকার মাহালমের ছেলে জাহিদ (২২) এবং জেলার মুরাদনগরের ইলিয়টগঞ্জ এলাকার মৃত জসিমের ছেলে জীবন ওরফে সাগর (২২)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, গত ২৬ অক্টোবর দিবাগত রাতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখার পিছনের রাস্তায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের দৃষ্টিগোচর হয়। পরে জেলা পুলিশ সুপার এই ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাতে নগরীর টমছম ব্রীজ ইবনে সিনা ডি-ল্যাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত হাসান ও জীবনসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি জব্দ করা হয়।
এ ঘটনায় বুধবার সকালে তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা শেষে দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।