
বিশেষ প্রতিনিধি
কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ১৭ কর্মী গ্রেফতার কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় কুমিল্লা মহানগর ছাত্রলীগ কর্মী কাইয়ুমসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ। মিছিলে নেতৃত্ব দেওয়া এবং সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাঁদের শনাক্তের পর গ্ৰেফতার করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, জুমার নামাজের খুতবা চলাকালে গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে কুমিল্লা নগরীর নুরপুর-তেলিকোনা সড়কে সংগঠনটির কয়েকজন নেতাকর্মী জড়ো হয়ে ঝটিকা মিছিল করেন। মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড থেকে এক মিনিট স্থায়ী হয়।
ঘটনার পর মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অংশগ্রহণকারীদের শনাক্ত করে জেলা ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশ। পরে ধারাবাহিক অভিযান চালিয়ে মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে কাইয়ুম এবং সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগে আজিজুর রহমান নীরব (১৭), জামিল ইসলাম অন্তর (২০), হাসিবসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেপ্তারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার কাইয়ুম কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সাওয়ালপুর পূর্বপাড়ার মো. জাকির হোসেনের ছেলে।
অন্যদিকে, জামিল ইসলাম অন্তর নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ পূর্বপাড়ার জহির মিয়ার ছেলে। আজিজুর রহমান নীরব আদর্শ সদর উপজেলার বারপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে।