
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বারে ফসলি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মাটি উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন ও প্রায় ৩০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সুবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাঘবপুর ও পশ্চিম পোমকারা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, সুবিল ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে ফসলি জমির মাটি উত্তোলন করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অসাধু মাটি ব্যবসায়ীদের ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন ও প্রায় ৩০০ ফুট পাইপ ধ্বংস ও বিনষ্ট করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, “কৃষিজমি, ফসলি জমি এবং সার্বিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতেই মূলত এই ড্রেজার বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে মাটি উত্তোলন ও ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”