
মমিনুর রহমান বুলবুল
কুমিল্লায় স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তার কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাত ১০ টার দিকে শহরের কলাতলীর লালোয়া রিসোর্টের সামনে থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. অহিদুর রহমান।
গ্রেপ্তার রাজু বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের বড়ঘোনা এলাকার মনির আহমেদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাজমিন হত্যাকাণ্ডের তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তা ও অনুসন্ধানের ভিত্তিতে রাজুর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে। এছাড়া মাত্র ১৮ দিনের সম্পর্কের সুত্র ধরে কক্সবাজার নিয়ে আসে রাজু। স্বামী স্ত্রী পরিচয়ে উঠেন মেঘলা রিসোর্টে। সেখানে একরাত থাকার পর পরেরদিনে বাসে তুলে দেন রাজু৷
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. অহিদুর রহমান বলেন, ‘কলাতলীর একটি রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। লালমায় থানার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বাকি আইনি ব্যবস্থা তারায় নেবেন।
জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় তাজমিন কলাতলীর মেঘলা রিসোর্ট নামে একটি আবাসিক হোটেলের কক্ষে উঠেন। হোটেল কর্তৃপক্ষের দাবি, হোটেলটিতে অবস্থান করতে রাজু তাকে সাহায্য করেছিল। পরদিন বুধবার বেলা ১১টার দিকে হোটেল ছেড়ে যান তাজমিন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত বুধবার রাত পৌনে ১২টার দিকে পদুয়ারবাজার বিশ্বরোডের হোটেল নূরজাহানের সামনে বাস থেকে নামেন তাজমিন। এরপর শহরের রেসকোর্স এলাকার বাসায় যাওয়ার উদ্দেশে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন তিনি।
পুলিশের তথ্য অনুযায়ী, চালক সুমন তাকে রেসকোর্সে না নিয়ে লালমাই উপজেলার ভোরালজগতপুর উত্তরপাড়ার নির্জন একটি স্থানে নিয়ে যান। সেখানে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ তাকে হত্যা করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে সেখানকার একটি ধানখেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেখানো স্থান থেকে তাজমিনের ব্যবহৃত আইফোনটিও উদ্ধার করা হয়।