
মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন হাসান (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পৌর এলাকার পুরাতন বাজারস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার বাসিন্দা ইদ্রিস মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে রুবেল নিহত হন। তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা এবং পেশায় একজন বাসচালক ছিলেন। এ ঘটনায় দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত চলাকালে বিভিন্ন ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণ করে ইমন হাসানকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, “ইমন হাসান এজাহারভুক্ত আসামি নন। তবে তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। ভিডিও ফুটেজ ও স্থিরচিত্রে তাকে সনাক্ত করার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
১৫ জুন ২০২৫