
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেনকে ৭ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণনিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে সাত মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাজ্জাদ হোসেনকে হাজির করা হলে বিচারক তামান্না ইয়াসমিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরে পুলিশ সাজ্জাদ হোসেনকে কারাগারে নেওয়ার উদ্দেশ্যে আদালতকক্ষ থেকে বের করে আনার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আদালতের বারান্দায় আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেনকে ঘিরে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। পুলিশের গাড়িতে ওঠা পর্যন্ত স্লোগান চলতে থাকে।
কুমিল্লা আদালতের কোর্ট ইন্সপেক্টর সাদেকুর রহমান বলেন, “আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেনকে বিকেল ৪টার দিকে আদালতে হাজির করা হয়। কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তামান্না ইয়াসমিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগানের বিষয়টি আমাদের নজরে পড়েনি।
এর আগে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর ধর্মসাগরের পশ্চিমপাড়ের চেয়ারম্যান গলির নিজ বাড়িতে অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আসামি সাজ্জাদ হোসেন স্বপন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণায়ও সক্রিয় হয়ে ওঠেন তিনি।
এর আগে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি পরাজিত হন।
কুমিল্লা কোতোয়ালী থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, শনিবার সাজ্জাদ হোসেনকে সাত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। মামলাগুলোর মধ্যে কুমিল্লা কোতোয়ালী থানায় দায়ের করা দুটি মামলা এবং বিভিন্ন থানায় দায়ের করা আরও পাঁচটি মামলাসহ মোট সাতটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।