
মমিনুর রহমান বুলবুল
উৎসবমুখর পরিবেশে ও নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার দেবিদ্বারে মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি প্রাপ্ত এবং বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার (২৯) আগস্ট, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা জামান পপি ও মোঃ শাহীনের সঞ্চালনায় এবং ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মাসুদ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, “আজকের এই তরুণ ও মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার মূল কারিগর। কেবল ভালো ফল করলেই চলবে না, বরং নৈতিকতা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আহসান পারভেজ, দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোঃ জাহাঙ্গীর এবং দেবিদ্বার সার্কেলের এ.এস.পি মোঃ শাহীন। বক্তারা শিক্ষার্থীদের মেধা, শৃঙ্খলা ও সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশ সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।
বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, জাকিয়া সুলতানা ইভা, আয়েশা আক্তার, অধ্যাপক জেসমিন পারভিন সীমা, ডা. উম্মে ফাতেমা ফাহিমা, জিমইয়া মিম, কাজী সাফরিন জোহা, ফারিয়া আক্তার প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের ছাত্রীদের চমৎকার পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।
২৯/৮/২৬