
অনলাইন নিউজ:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে দিনভর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন বিএনপি থেকে নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করেন।
মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সকালেই দলীয় নেতাকর্মীরা সমবেত হয়ে অবস্থান নেন। পরে সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে টিপুরদী এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।
আওয়ামী লীগের প্রসঙ্গ উল্লেখ করে আজহারুল ইসলাম মান্নান বলেন, আওয়ামী লীগ এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা গণতন্ত্র ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। ভয়-ভীতি ও সন্ত্রাসের মাধ্যমে আবারও ক্ষমতায় আসার চেষ্টা করছে। কিন্তু বিএনপি দেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলন থেকে পিছু হটবে না।
তিনি আরও বলেন, আমরা জনগণের দলের কর্মী। ফ্যাসিস্ট সরকারের দমননীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি রাজপথে আছে, থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, সাদিকুর রহমান সেন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।