
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লায় র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার রাতে কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরীপাড়া এবং কুমিল্লার সদর উপজেলার গাজীপুর ও গোলাবাড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ ওই তিন ব্যক্তিকে গ্ৰেফতার করা হয়।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম। তিনি জানান, সেনাবাহিনীর ২৩ বীরের একটি বিশেষ টিমের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার এজাহারনামীয় আসামি ও অস্ত্রধারী সন্ত্রাসী এমদাদুল কামাল আলিফ (২৯)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল জব্দ করা হয়।
এছাড়া একই দিন কুমিল্লার সদর উপজেলার গাজীপুর ও গোলাবাড়ি এলাকায় পৃথক অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. খোকন মিয়া (৪৫) ও স্বপন দত্ত ওরফে আপন (৪২)-কে গ্রেফতার করা হয়। অন্য এক অভিযানে ৬০ বোতল স্কাফও জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত এমদাদুল কামাল আলিফ দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িত থেকে কুমিল্লার বিভিন্ন এলাকায় অস্ত্র ও মাদক বিক্রি করত এবং অস্ত্রের মাধ্যমে চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাত। অপরদিকে খোকন মিয়া ও স্বপন দত্ত ভারত থেকে মাদকদ্রব্য এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।