
মমিনুর রহমান বুলবুল, দেবিদ্বার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নৌকা প্রতিকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ। মঙ্গলবার দুপুরে দলীয় নেতা-কর্মীদের সাথে একটি মতবিনিময় সভা শেষে এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। এর আগে সোমবার উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাঁর নেতা-কর্মীরা।
মত বিনিয়ম সভা শেষে আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, আমি নৌকার বিপক্ষে প্রার্থী হইনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ইচ্ছে করলে যে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। সে পরিপ্রেক্ষিতে সারা দেশে অনেক নেতাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবে। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের অনুরোধে আমিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লুৎফুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হুমায়ুন কবির চেয়ারম্যান, শ্রম বিষয়ক সম্পাদক সুজিত পোদ্দার, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল আলম, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূঁইয়া, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহজাহান সরকার প্রমুখ।
২৮-১১-২৩ ইং