
মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম কিনেছেন নৌকা মনোনীত প্রার্থী বর্তমান সংসদ রাজী মোহাম্মদ ফখরুল, সদ্য পদত্যাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ আজগর।।
সোমবার বিকেলে তিন প্রার্থীর মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচন সহায়ক কর্মকর্তা মো. ফারুক হোসেন। সোমবার তাদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছের নিজ নিজ দলীয় নেতা-কর্মীরা। এছাড়া মনোনয়ন বঞ্চিত অপর প্রার্থী ডা.ফেরদৌস খন্দকারও স্বতন্ত্র পদে নির্বাচন করার ঘোষণা দেন। দুপুরে তার নিজ বাড়ি বাকসার গ্রামে একটি মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
বর্তমান সংসদ রাজী মোহাম্মদ ফখরুলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ কালে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম ওমানী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলকে নৌকা উপহার দিয়েছেন। আমরা তাঁর পক্ষে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম ক্রয় করেছি। আগামী নির্বাচনে এ আসনে নৌকার বিজয় সুনিশ্চিত।
পদত্যাগী উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র এমপি প্রার্থী মো. আবুল কালাম আজাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্বতন্ত্র প্রার্থী হতে দলীয় কোন নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন। এরপর আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি সুষ্ঠু নির্বাচন হলে আমি বিজয়ী হবো। অপর স্বতন্ত্র প্রার্থী ডা. ফেরদৌস খন্দকার বলেছেন, আমার মা বলেছেন’ বাবা পিছনে ফিরে তাকানোর সময় নেই, তোমার যা আছে তা নিয়েই যুদ্ধে নামো, আমি মায়ের দোয়া নিয়ে নির্বাচনে অংশ নেব।
দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় মোট ভোটার আছে ৩ লক্ষ ৭৪ হাজার ৫২৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৯৪ হাজার ২৭৬ এবং নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ২৫০জন। মোট ভোট কেন্দ্র ১১৪ টি।
তারিখ- ২৭-১১-২৩