
মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার:
সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি দেবিদ্বারে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও আন্তঃজেলা বাস সার্ভিস চলাচল করতে দেখা গেছে। সেই সঙ্গে স্বাভাবিক ভাবে চলাচল করেছে ছোট-বড় সবধরণের যানবাহন।
এদিকে হরতাল প্রত্যাখ্যান করে দিনব্যাপী শান্তুি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো।
দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা সড়কে যানবাহন চলাচল কিছুটা কম থাকলেও জনজীবন স্বাভাবিক ছিলো। বিভিন্ন সড়কে ছোট ও মাঝারি ধরনের সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস ও আন্তঃজেলা বাস সার্ভিস যাত্রী পরিবহন করেছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে সড়কে দেখা যায়নি। পুলিশের পাশাপাশি কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা
দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিউদ্দিন জানায়, বিএনপি-জামায়াতে কর্তৃক পুলিশ হত্যা, হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে আমরা সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছি। এখন পর্যন্ত বিএনপির কাউকে মাঠে দেখিমি।
দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন গিয়াস জানায়, গতকাল ঢাকার সমাবেশের গন্ডগোলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এফএম তারেক মুন্সি ও আমিসহ দেবিদ্বার উপজেলা বিএনপি ও এর অঙ্গ দলের ২৫ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। আজকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার ভিরাল্লা বাস স্টেশন এলাকায় বিএনপির অঙ্গ দলগুলি বিক্ষোভ মিছিল করেছে।
দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক কমল কৃষ্ণ ধর জানায়, আমরা সব সময় সতর্ক অবস্থানে আছি। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেউ নাশকতা করার চেষ্টা করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
২৯-১০-২০২৩ইং।