
মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার:
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলা ও গণহত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেবিদ্বার ইসলামিয়া ফাযিল মাদরাসার মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি থানার গেইট হয়ে নিউ মার্কেট চত্তর প্রদক্ষিন করে উপজেলা পরিষদ ইউএনও’র কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা হয়। দেবিদ্বার উপজেলাধীন মাদরাসাসমূহের ছাত্র শিক্ষক ও অভিভাবকবৃন্দের ব্যানারে করা ওই বিক্ষোভ ও প্রতিবাদ সভায় দেবিদ্বারের শত শত ছাত্রজনতা ও সাধারণ মানুষ অংশ নেয়।
বিক্ষোভ মিছিলে বিশ্বের মুসলিম এক হও এক হও’, আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ইসরায়েলি পন্য বয়কট কর করতে হবে, ‘ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘বিশ্বের কোথাও মুসলমানরা অত্যাচারিত হলে আমাদের তাঁদের পাশে দাঁড়ানো উচিত। ইসারাইলের ইহুদিরা ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, শিশু-নারী বৃদ্ধাসহ হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করছে। নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আমরা বাংলাদেশে থেকে প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ সরকারের উচিত এদেশ থেকে সেনাবাহিনী পাঠিয়ে নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। বাজার থেকে সকল ইসরাইলি পন্য বাজার থেকে নিষিদ্ধেরও দাবি জানান তাঁরা।
দেবিদ্বার ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মো.আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সুলতানপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাও. মো. কবির আহমেদ, দেবিদ্বার কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আশরাফুল আলম উবাইদী, দেবিদ্বার ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক (আরবি) মাও. মো. আবুল বাশার মিরাজী, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার প্রমুখ।
২৬-১০-২৩