অনলাইন ডেস্ক
ছাত্র–জনতার অভ্যুত্থান–পরবর্তী সময়ে প্রাণ রক্ষায় সেনানিবাসের ভেতরে আশ্রয় নিয়েছিলেন অধস্তন আদালতের তিন বিচারক।
সে সময়ে মানবিক দায়বদ্ধতার কারণে আইনবহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয়প্রার্থীদের জীবন রক্ষা করাই মুখ্য উদ্দেশ্য ছিল বলে বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
অধস্তন আদালতের ৩ বিচারক হলেন- ময়মনসিংহের সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন, যিনি বর্তমানে গাজীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত আছেন। বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী মিজানুর রহমান, যিনি বর্তমানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে চট্টগ্রামে কর্মরত আছেন।
আরেকজন বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আল আমিন, যিনি নাটোরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন।
আইএসপিআরের জানায়, জুলাই–আগস্ট ২০২৪–এর ছাত্র–জনতার অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর কতিপয় কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। ফলে সরকারি দপ্তর ও থানাগুলোতে হামলা, রাজনৈতিক নেতা–কর্মী–সমর্থকদের ওপর আক্রমণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি, ডাকাতিসহ বিবিধ বিশৃঙ্খলা দেখা যায়। এ ধরনের সংবেদনশীল ও নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতা জন্ম নেয়।