মমিনুর রহমান বুলবুল দেবিদ্বার:
কুমিল্লার দেবিদ্বারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে জরিমানা এবং সতর্কীকরণ করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।
সরকারি অনুষ্ঠানে নৌকার পক্ষে ভোট চেয়ে বক্তব্যদানের কারনে শনিবার বিকেলে সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা তার নিজ কার্যালয়ে উপজেলা পরিষদ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাসেম ওমানীকে ডেকে এনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় ৫ হাজার টাকা জরিমানা ও সর্তক করে দেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে উপজেলা পরিষদ হল রোমে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ’ ও ‘বেগম রোকায়া দিবস’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আবুল কাসেম ওমানী নৌকার পক্ষে ভোট চান। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেবিদ্বারকে স্মার্ট দেবিদ্বার হিসেবে গড়ে তুলতে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলকে ভোট দিয়ে বিজয়ী করবেন।
এসময় অনুষ্ঠানের সভাপতি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা দাড়িয়ে উপজেলা পরিষদ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাসেম ওমানীকে নির্বাচনী বক্তব্য না দিতে অনুরোধ করেন। এসময় আবুল কাসেম ওমানী বক্তব্য সংক্ষিপ্ত করে অনুষ্ঠান থেকে বেড়িয়ে যান।
উপজেলা পরিষদ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাসেম ওমানী বলেন, আমি বক্তব্য দিতে যেয়ে আবেগ থেকে আমার নৌকার প্রার্থীর পক্ষে ভোট চেয়ে ফেলেছিলাম।
এ প্রসঙ্গে সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জরিমানা ও সতর্কীকরনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের প্রমান পেলে লঙঘনকারীর বিরুদ্ধে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
৯/১২/২৩