শামিমা নাছরিন রিমা,দেবিদ্বার:
টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লার দেবিদ্বারের দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধা। বুধবার দুপুরে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি ডা. ফেরদৌস খন্দকারের নেতৃত্বে শ্রদ্ধা জানান তারা। এসময় বিপুল সংখ্যক শিশু-কিশোর ও স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ডা. ফেরদৌস খন্দকার প্রতিষ্ঠিত শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র দেবিদ্বার উপজেলা চ্যাপ্টার শেখ রাসেল দিবসে মুক্তিযোদ্ধা ও শিশু-কিশোরদের জন্য বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে। এ উপলক্ষে বুধবার ভোরে দেবিদ্বার থেকে বেশ কয়েকটি গাড়ির একটি বহর টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা করে দুপুরে সেখানে পৌঁছে জাতীর জনকের সমাধীতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও শেখ রাসেলের উপর নির্মিত একটি নাটিকা প্রদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ডা. ফেরদৌস খন্দকার বলেন, আমরা নতুন প্রজম্ম ও দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধা নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছি। শেখ রাসেলের শেষ মুহুর্তের জীবন নিয়ে নির্মিত একটি নাটিকা প্রদর্শন করা হয়। নাটিকাতে দেখানো হয়েছে, কিভাবে নির্মমভাবে শিশু শেখ রাসেলকে হত্যা করেছে ঘাতকরা। নাটিকাটি পরিচালনা করেন, শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র সাধারণ সম্পাদক আল আমিন বাবু।
১৮-১০-২৩