মমিনুর রহমান বুলবুল, দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বারে গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ফেরার পথে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের বারেরা এলাকার ফোর স্টার ফøাওয়ার মিল সংলগ্নে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. অনিক খান (১৮)। সে গুনাইঘর উত্তর ইউনিয়নের গুনাইঘর গ্রামের জালাল উদ্দিন খাঁন কবিরাজের ৪র্থ ছেলে এবং কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এর ১ম বর্ষের ছাত্র। অনিক তার পরিবারের সাথে পৌর এলাকার বানিয়াপাড়ায় একটি ভাড়ায় বাসায় থাকত। বৃহস্পতিবার দুপুরে অনিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই অপূর্ব খান।
নিহতের বড় ভাই অপূর্ব জানায়, গত ৬মাস আগে আমাদের মা মারা যায়। এ শোক এখনও বয়ে বেড়াচ্ছি। এরপর সব চেয়ে আদরের ছোট ভাই আজ রাতে মারা গেল। অপূর্ব আরও জানায়, বুধবার রাতে বারেরা এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠান শেষে রাত তিন টার দিকে মোটর সাইকেলে বাসায় ফেরার পথে ভেজা সড়কে পিছলে গিয়ে অনিক সড়কের দিকে ছিটকে পড়লে একটি আন্ত: জেলা ট্রাক এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল আফসার বলেন, বিষয়টি আমরা অবগত ছিলাম না, সাংবাদিকদের মাধ্যমে পরে জানতে পেরেছি। এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।